
এ.কে পলাশ, কুমিল্লা: কুমিল্লা সদর বালুতুপা এলাকায় দুটি পৃথক অভিযানে ১২০০ পিছ ইয়াবা এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বালুতুপা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, মো: জয়নাল আবেদিন (৩৫) কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হোসেন মিয়ার ছেলে, মো মন্জিল মিয়া (৭৪) নগরীর সংরাইশ এলাকার জোনাব আলীর ছেলে ও ফাহিম হোসেন (১৯) সদর উপজেলা নসরাইল এলাকার আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কের উপর হতে ১২০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিনে অপর একটি অভিযানে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
















