শহিদুল ইসলাম , ঢাকা:
স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগ পাওয়ায় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই-কে রাজকীয় সংবর্ধনা প্রদান করেছে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)। গত বুধবার (৭ই জানুয়ারি) রাজধানীর উত্তরার হায়াত প্যালেস মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।
ইবিএফসিআই-বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি হেড মোহাম্মদ আলী টিংকুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ ও আইনজীবীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপ্তি চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ড. ওয়ালী তছর উদ্দিন তার বক্তব্যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও পর্যটন খাতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমি কাজ করে যাব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা। বক্তারা ড. ওয়ালী তছর উদ্দিনের এই কূটনৈতিক নিয়োগকে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন।
বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক তাসলিম শাকুর, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, এয়ার কমোডোর (অব.) মুহাম্মদ পারভেজ ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। বক্তারা সুশাসন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিশেষ ব্যবসায়িক নেটওয়ার্কিং রিসেপশন। যেখানে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা পারস্পরিক অংশীদারিত্ব ও বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন…..


















