
নিজস্ব প্রতিবেদক :
ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্ভেয়ারগণ কর্তৃক এডি লাইন সৃজন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মডিউল চূড়ান্তকরণ’ শীর্ষক সেমিনারে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, সঠিক এডি লাইন সৃজন ভূমি জরিপ, নকশা প্রণয়ন ও ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে বলা হয়, সার্ভেয়ারদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কাজের মান আরও উন্নত করা সম্ভব হবে। প্রস্তাবিত প্রশিক্ষণ মডিউলটি চূড়ান্ত হলে ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার গতি বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের।
সেমিনারের শেষে অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাবের আলোকে প্রশিক্ষণ কোর্সের মডিউল চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভবিষ্যতে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা আরও সুসংহত হবে বলে আয়োজকরা জানান।
আরও পড়ুন, ভোট আপনার গনতান্ত্রিক অধিকারঃ…


















