
মো.রিয়াজুল সোহাগ | নোয়াখালীর চৌমুহনীতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে এক নেতার বসতবাড়ির রান্নাঘর ভস্মীভূত হওয়ার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে কলেজ রোডের রাজবাড়ী কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৭টি দোকান। এসব ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সকালের ঘটনা (কলেজ রোড): স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চৌমুহনী কলেজ রোডের রাজবাড়ী কমিউনিটি সেন্টার এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ৬ থেকে ৭টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
রাতের ঘটনা (হাজীপুর): এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর এলাকার আসলাম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে যুবদল নেতা শেখ ফরিদের বড় ভাই সাহাব উদ্দিনের রান্নাঘর ও আসবাবপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তদন্ত ও আতঙ্ক: চৌমুহনী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মহিউদ্দিন জানান, উভয় ঘটনায় তদন্ত চলছে। কলেজ রোডের আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, দফায় দফায় আগুনের ঘটনায় চৌমুহনী শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এসব অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…
















