
🖼️সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এম. এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে পরিবহণ মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরী কাজে পৌঁছাতে পারছেন নিজ গন্তব্যে।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এতে শহরের পুরাতন বাসষ্টেশনে গাড়ি না পেয়ে ভীড় জমাচ্ছেন যাত্রীরা। বিপাকে পড়েছেন হাতে থাকা মালামাল ও ব্যাগপত্র নিয়ে। কিছু সিএনজি চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে আদায় করছে দ্বিগুণ ভাড়া। এতে দুর্ভোগ বেড়েছে সাধারন যাত্রীদের।
যাত্রী সাকিব মিয়া বলেন, দিরাই থেকে সিলেট যাবো বলে সকালে শহরের বাসস্টেশন এলাকায় এসেছি। আসার পর দেখি কর্মবিরতি চলছে। এখন কিভাবে সিলেট যাবো সেটাই ভাবছি। কিছু সিএনজি চলাচল করলেও কর্মবিরতিকে পুঁজি করে ভাড়া চাচ্ছে দিগুণ। আমরা যাত্রীরা চরম বিপাকে রয়েছি।
যাত্রী আব্দুল আলী জানান, পরিবার নিয়ে ঢাকা থেকে ছুটিতে আসছিলাম। আগামীকাল কাজে যোগদান করার কথা। এখন স্বপরিবারে ঢাকার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাপরসহ মালামাল নিয়ে শহরে এসে দেখি ধর্মঘট চলছে। সাথে থাকা মালামাল ও পরিবারের লোকজনদের নিয়ে পড়েছি দুর্ভোগে। কিভাবে ঢাকা যাবো সে চিন্তায় আছি।
সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় কিছু দিন বন্ধ থাকলেও সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। যতদিন পর্যন্ত টোল আদায় বন্ধ না হচ্ছে আমাদের এই কর্মবিরতি চলবে।


















