
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় মদ ও বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাহেবের আগলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।বিজিবির সাহেবের আগলা ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো. মেহেদী হাসানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহলদল অভিযানটি পরিচালনা করে। দলটিতে ছিলেন হাবিলদার শ্রী শরণ কোচ, নায়েক ওমর আলী, ল্যান্স নায়েক আলতাফ হোসেনসহ অন্যান্য সদস্য।
ভোর আনুমানিক ১টা ২০ মিনিটে সাহেবের আগলা বিওপি পিলার ১০৫১/২এস-এর কাছাকাছি বাংলাদেশ সীমান্তের ডিগ্রির চর এলাকায় ভারতের কাটাতার ভেদ করে ২-৩ জন লোক নোম্যানস ল্যান্ড অতিক্রম করার সময় বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে চোরাকারবারিরা বহন করা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। সেগুলো খুলে ভারতীয় অফিসার চয়েস ব্র্যান্ডের মদ ১১৮টি ছোট বোতল (১৮০ এমএল), ১টি মাঝারি বোতল (৩৭৫ এমএল) এবং ভারতীয় পাতার বিড়ি ২২০ প্যাকেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার মাদকদ্রব্যগুলো সিজার লিস্ট তৈরি করে রৌমারী থানার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।


















