
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ১০ ডিসেম্বর ঘূর্ণিঝড় ‘ব্রাম’ (Storm Bram)-এর প্রভাবে যুক্তরাজ্য জুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশেষত উত্তর-পশ্চিম স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে জারি করা হয়েছে অ্যাম্বার উইন্ড ওয়ার্নিং, যার অর্থ জীবন বিপন্ন হওয়ার (danger to life) সম্ভাবনা রয়েছে।
নর্দার্ন আয়ারল্যান্ডে এই সতর্কতা আজ রাত ২০:০০ পর্যন্ত এবং স্কটল্যান্ডে বুধবার ভোর ০৩:০০ পর্যন্ত বহাল থাকবে।
ঝড়ের কারণে যুক্তরাজ্যজুড়ে বহু রেল ও বিমান চলাচল বাতিল করা হয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডার্টমুয়ারে (Dartmoor) মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় এক মাসের সমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।সেভার্ন ব্রিজ (Severn Bridge) ক্রসিং বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।বিবিসি আবহাওয়ার খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সময় অস্বাভাবিকভাবে উষ্ণ তাপমাত্রা অনুভূত হয়েছে।
> আবহাওয়া পূর্বাভাস:
আবহাওয়াবিদ ড্যারেন বেট জানিয়েছেন, উত্তর-পশ্চিম স্কটল্যান্ডের ওপর দিয়ে ঝড়ের মূল অংশটি চলে যাওয়ায় সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ মাইল থাকতে পারে। তবে রাতের সঙ্গে সঙ্গে অন্যান্য স্থানে বাতাসের তীব্রতা ধীরে ধীরে কমবে, বুধবার, আকাশ পরিষ্কার থাকার এবং কিছু জায়গায় রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।
কাউন্টি অ্যান্ট্রিমের (County Antrim) এক ব্যক্তি, যিনি ২০ বছর সমুদ্রে কাজ করেছেন, তিনি বলেন, “এই দিনগুলিতে তীরে চাকরি নিয়েছি বলে স্বস্তি লাগছে।”

















