
**সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:**
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, নিষিদ্ধঘোষিত সংগঠনের এক সদস্য, এক চুরি মামলার আসামি এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাংলাদেশ শ্রমিক লীগ দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯), চুরি মামলার আসামি মো. তুহিন (২০), তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে দাউদকান্দি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৃথক স্থান থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তাছলিমা বেগম ওরফে রোজিনার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য হিসেবে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
আরও জানতে সাথে থাকুন…
















