
সংসদীয় প্রতিবেদক,ঢাকা|
দেশে বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ধরনের ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে নতুন ও তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে এবং সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে সরকারের এই ইতিবাচক উদ্যোগের কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
### নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটির তহবিল
সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
এই বিশেষ তহবিল থেকে নতুন তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এ ছাড়া উপযুক্ত জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়ার সুযোগও রাখা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তরুণদের জন্য সম্পূর্ণ বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান না থাকলেও, এই পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে অত্যন্ত স্বল্প সুদে ঋণ বিতরণ করা হচ্ছে।
স্টার্টআপে মাত্র ৪% সুদে ঋণ ও প্রশিক্ষণ ভাতা
তরুণদের পাশাপাশি স্টার্টআপ বা নতুন উদ্ভাবনী ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ‘স্টার্টআপ ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। ঋণ সুবিধার পাশাপাশি এই প্রকল্পের আওতায় তরুণদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবসায়িক প্রশিক্ষণ এবং ৫ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের ৫০০ কোটি টাকার এই বর্ধিত তহবিল এবং ৪ শতাংশ সুদে স্টার্টআপ ঋণের ফলে দেশের শিক্ষিত ও কর্মক্ষম তরুণরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, যা দেশের সামগ্রিক বেকারত্ব হ্রাসে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও জানতে সাথে থাকুন…


















