
| শিবলি সাদিক | যুক্তরাজ্য (লন্ডন) প্রতিনিধি |
মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৫ যুক্তরাজ্যের লন্ডন সিটি প্যাভিলিয়নে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আলোচনা সভায় তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয়ের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে গৌরবের এক অবিস্মরণীয় অধ্যায়। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে বিজয়ের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীরা। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা প্রশংসনীয়। সকলকে ‘সবার আগে বাংলাদেশ’—এই আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

















