
স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
নোয়াখালী জেলা জজ কোর্ট সড়কে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) ভোরের কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তিন যুবক স্মৃতিস্তম্ভের নিচের অংশে পেট্রল বা কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর তারা সেখানে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দিতে থাকে।
স্থানীয়রা জানান, সকালে স্মৃতিস্তম্ভের একাংশ পোড়া ও কালচে রঙের দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্তম্ভে এমন নাশকতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ মানুষ। তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ভোরের দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও জানতে চোখ রাখুন…
















