
সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ) সকালে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ হাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এসময় তিনি মসজিদের ইমামদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ব্যারিষ্টার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, ধর্মীয় আলোচক নূরুল করিম বেল্লালী প্রমুখ।
সম্মেলনের সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এ.কে.এম গোলাম কিবরিয়া। তিনি অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশ্যে জোরালো বক্তব্য রাখেন। ফিলিস্তিনের মোসলমাদের নির্যাতনের করুন চিত্র তুলে ধরে সকলকে ঐক্যের আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগণ বক্তব্য রাখেন। তারা তাদের নানা সমস্যা ও দুরবস্থার কথা তুলে ধরেন। ইমামতির নামে কিভাবে মসজিদ কমিটির গোলামি করতে হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কিভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হচ্ছে সেই কথাও তুলে ধরেন তারা।
এসময় তারা জেলা প্রশাসকের কাছে মসজিদের ইমামদের জন্য সরকারি স্কুলের প্রধান শিক্ষকের সমমানের বেতন ও মুয়াজ্জিনের জন্য সহকারী শিক্ষকের সমমানের বেতন বাধ্যতামূলক করার দাবি জানান।

এইচ এম গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগীতায় আয়োজিত এই ইমাম সম্মেলনে ১ হাজার ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ব্যতিক্রমী এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ইমাম ও মুয়াজ্জিনগণ।
















