শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির পাশাপাশি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আবারও পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এক দরিদ্র পরিবারের মাঝে ৫০০ লিটারের একটি পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় জোন সদরে আনুষ্ঠানিকভাবে উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগমের হাতে এই পানির ট্যাংকিটি তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ করা সাধারণ মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ দরিদ্র পরিবারে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তারা প্রতিনিয়ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন এবং নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পানির তীব্র সংকটে পড়া ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম প্রতিকার চেয়ে নানিয়ারচর জোনে একটি পানির ট্যাংকির জন্য আবেদন করেন।
আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আজ সকালে জোন সদরে ফুলমতি বেগমের নিকট পানির ট্যাংকিটি হস্তান্তর করা হয়। মূলত ভুক্তভোগী পরিবারের পানির সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক সহায়তা প্রদান করা হয় বলে জোন সূত্রে জানা গেছে। ট্যাংকিটি হাতে পেয়ে ফুলমতি বেগম সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নানিয়ারচর জোন সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত রয়েছে। এলাকার মানুষের যেকোনো সংকটে ও জনসেবামূলক কার্যক্রমে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















