
🖼️আমিরুল ইসলাম নয়ন,গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় খোলা জায়গায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।
নিহতের নাম হালিমা বেগম (৬০)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বসত বাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন আব্দুল হান্নান ও তার স্ত্রী হালিমা বেগম। দুপুর একটার দিকে হঠাৎ হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হয় স্বামী-স্ত্রী দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করে। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন তবে তিনি আশঙ্কা মুক্ত।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।


















