
🖼️এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় যৌথ বাহিনী অভিযানে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউপির ছাতিয়ানি এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে যৌথবাহিনী।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ক্যাপ্টেন সাইদুর রহমান ও থানার উপ-পরিদর্শক (এস.আই) আবুল হাসনাত সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিকাশ ডাক্তারের বাড়ির বাদলের ঘর হইতে ম্যাজিক মুভমেন্ট (ভোদকা) ৩৫ বোতল, ফেনসিডিল ২১ বোতল, স্কাফ ৭ বোতল, নাম্বার ওয়ান ১৬ বোতল, বিয়ার ১২ (টিনের কৌটা ),বিয়ার ৩টি (কাঁচের বোতল) উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ বাদল (২২) পালিয়ে যায়। বাদল উপজেলার ছাতিয়ানী গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন , এঘটনায় পলাতক আসামি বাদলের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।


















