
👤এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দাউদকান্দি হাসনাবাদ এলাকায় পরিত্যক্ত একটি বাগান থেকে সুমন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো: সুমন মিয়া (৩৫) জেলার দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।
নিহতের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিলো। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে সে ফাসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে দাবি করে বলেন আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবো বলে বিলাপ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।


















