নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও, স্থায়ী সুস্থতার জন্য তাকে দ্রুত বিদেশে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তার পরিবার ও মেডিকেল বোর্ড।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে ‘মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে’ চিকিৎসার জন্য নেওয়া জরুরি। তার হার্ট, লিভার ও কিডনিতে দীর্ঘমেয়াদী জটিলতা রয়েছে। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।
দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি জটিলতা নিরসন ও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হবে। এই সংকটময় মুহূর্তে দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
এ দিকে, বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনায় সারা দেশে মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা আমাদের সবার কাম্য। আমি দেশবাসীকে মহান আল্লাহর দরবারে তার জন্য কায়মনোবাক্যে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।


















