
মো.রিয়াজুল সোহাগ, নিউজ ডেস্কঃ
খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হচ্ছে।
বড়দিন উপলক্ষে দেশের সকল গির্জা ও খ্রিস্টান পল্লীগুলোকে বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সুদৃশ্য ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে এবং ঘরে ঘরে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও সান্তা ক্লজ উপহার নিয়ে শিশুদের মাঝে আনন্দ বিলিয়ে দিচ্ছেন।
আজ সকাল থেকেই গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রার্থনায় দেশের শান্তি, সমৃদ্ধি ও মানবজাতির কল্যাণ কামনা করা হয়। ভক্তরা যিশু খ্রিস্টের অহিংসা ও সাম্যের বাণী প্রচারের শপথ নেন।
বড়দিন উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। বিভিন্ন পাঁচতারা হোটেল ও বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (BTV) সহ বিভিন্ন গণমাধ্যম উৎসবের গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
উৎসব নির্বিঘ্ন করতে রাজধানীর তেজগাঁও, রমনা ও কাকরাইলসহ বড় বড় গির্জাগুলোর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি বাড়িয়েছেন যাতে উৎসবের আমেজে কোনো ব্যাঘাত না ঘটে।
শুভ বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে খ্রিস্টধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।


















