
এ কে পলাশ, কুমিল্লা:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. কাউছার মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক কাউছার মিয়া পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার মৃত লিল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এবং এএসআই মাঈনুল ইসলামসহ পুলিশের একটি টিম মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
















