
স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে বোরকা পরে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে ছদ্মবেশ ধারণ করে সুপরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— ওই অধিদপ্তরেরই পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলাম, মো. জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে গভীর রাতে হঠাৎ আগুন লাগে। তবে সাধারণ অগ্নিকাণ্ড মনে হলেও সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা যায়, দায়িত্বরত এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বোরকা পরে নিজেদের পরিচয় গোপন করে স্টোর রুমে প্রবেশ করেন এবং সেখানে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।
অগ্নিসংযোগের ঘটনার পর মিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিদপ্তরের নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে বা কার নির্দেশে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দপ্তরের নথিপত্র বা মালামাল ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র বা অন্য কোনো মহলের ইন্ধন আছে কি না, তা নিশ্চিত হতে রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। স্টোর রুমের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে অধিদপ্তর কর্তৃপক্ষ।গভীর রাতে খোদ সরকারি দপ্তরের ভেতরে ঢুকে এমন নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
আরও জানতে চোখ রাখুন…

















