
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহের অভিযোগে মো. ফয়েজ আহমেদ (৩৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পিস্তল, বুলেট ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানটি পরিচালিত হয় সোমবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে বেগমগঞ্জ থানার নানুপুর গ্রামের শহিদ উল্লার নতুন বাড়ি এলাকায়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম এবং র্যাব–১১ এর সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ফয়েজ আহমেদের বাড়ি একই এলাকার ০৯নং ওয়ার্ড, ০৬নং রাজগঞ্জ ইউনিয়নে।
অভিযান শেষে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়—একটি ম্যাগাজিনসহ আগ্নেয়াস্ত্র (পিস্তল), চার রাউন্ড বুলেট, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত–২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং ১০(ক) এবং The Arms Act, 1878 এর ১৯(A), (f) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারের পর ফয়েজ আহমেদকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে একইদিনে নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ অভিযানে মো. সাগর (২৭), মো. সালাউদ্দিন (৫৬) ও মো. আব্দুল করিম নামে তিনজনকে ১.৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ঘটনাস্থলেই জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, এস.এম. জাহিদা আক্তার মৌসুমি এবং মুকসুদুস সালেহীন তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,
“মাদক ও অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক ও অস্ত্রচক্র নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…
















