
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ ইয়াছিন আরাফাত (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর মহাজনবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ইয়াছিন আরাফাত মৃত জসিম উদ্দিনের পুত্র এবং পৌর হাজীপুর এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম জানতে পারে, ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জাকির হোসেন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে ইয়াছিন আরাফাতকে আটক করে তার হেফাজত থেকে পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পাশে ডোবায় লুকিয়ে রাখা আরও ৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। সর্বমোট ৯৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে আসামির সহযোগী আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন আরাফাত স্বীকার করেছে, সে ও তার সহযোগী আরমান দীর্ঘদিন ধরে বিদেশি মদ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানটি পরিচালিত হয় নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীমের তত্ত্বাবধান এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে।
নোয়াখালী জেলা পুলিশ জানায়,“জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
















