
নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। দুপক্ষের মারামারির সময় বিএনপি নেতার বাড়িঘর ভাঙচুর ও মারধরে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বিএনপি নেতার স্ত্রীর মামলায় জিসান মিয়া নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে তার লোকজন রাতে থানা ঘেরাও করে বলে গুজব ছড়িয়ে পড়ে।
রাত ৮টার দিকে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জিসানকে ছাড়িয়ে নিতে থানায় এসে প্রতিবাদ জানান। এ সময় গুজব ছড়িয়ে পড়ে তারা থানা ঘেরাও করেছেন। পরে উপজেলা বিএনপি নেতাদের নির্দেশে পরিস্থিতি শান্ত হয়।
আহত মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন রাতেই ধুনট থানায় ছাত্রদলকর্মী জিসান মিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
শনিবার বিকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, বিএনপি ও ছাত্রদলের মধ্যে মারামারির মামলায় এক ছাত্রদলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা থানায় এলেও ঘেরাওয়ের ঘটনা ঘটেনি। গ্রেফতার ছাত্রদলকর্মী জিসানকে শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।


















