অর্থনৈতিক প্রতিবেদক|
আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলও অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ‘অনলাইন ভ্যাট রিফান্ড’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
এখন থেকে করদাতাদের ভ্যাট রিফান্ডের বা টাকা ফেরতের আবেদনের জন্য আর ভ্যাট অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না। ই-ভ্যাট সিস্টেম থেকে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করেছে এনবিআর। উদ্বোধনী অনুষ্ঠানেই ঢাকার তিনটি কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা রিফান্ড প্রদানের মাধ্যমে এই ডিজিটাল সেবার সূচনা করা হয়।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “আমরা রাজস্ব প্রশাসনের প্রতিটি স্তরকে ডিজিটাইজড করতে চাই। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে করদাতার সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন জমা দিতে গিয়ে যে সময় নষ্ট হয় এবং যাতায়াত বাবদ যে জ্বালানি খরচ হয়, তা পরোক্ষভাবে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে। অনলাইনে এই কাজ সম্পন্ন হলে ডলার সাশ্রয়ের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
এনবিআর চেয়ারম্যান আরও জানান, অনেকে আগে হার্ডকপিতে রিটার্ন জমা দিয়েছেন কিন্তু তা সিস্টেমে এন্ট্রি না হওয়ায় অনলাইনে রিটার্ন দিতে গিয়ে নানা জটিলতা বা জরিমানার মুখে পড়ছেন। এই সমস্যা সমাধানে একটি ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে। আগামী ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত করদাতারা নিজেরাই তাদের পুরানো পেপার রিটার্নগুলো সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন। এতে করে তাদের পূর্বের ডাটা আপডেট হয়ে যাবে এবং কোনো জরিমানা ছাড়াই তারা আগামীতে অনলাইনে রিটার্ন দিতে পারবেন।
রিফান্ড মডিউলটি অর্থ বিভাগের আইবাস++ (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সাথে সরাসরি যুক্ত। ফলে রিফান্ড অনুমোদনের সাথে সাথেই বিইএফটিএন (BEFTN)-এর মাধ্যমে করদাতার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এর ফলে রিফান্ড পেতে কর্মকর্তাদের কায়িক হস্তক্ষেপ বা দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে বলে আশা করছে এনবিআর।
উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই থেকে অর্থাৎ আগামী অর্থবছর থেকে কোনো পেপার রিটার্ন গ্রহণ করা হবে না। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের এই আধুনিক ব্যবস্থার সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আর পড়ুন….


















