
নিজস্ব প্রতিনিধি,ঢাকা|
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে ১০ কোটি টাকার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ৩০ এপ্রিল এই আদেশ দিলেও রোববার (৩ মে) বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে— ২০২৫ সালের ২ নভেম্বর শামীমা এ খান মামলার বাদী রাজিয়া রহমানের কাছ থেকে ১০ কোটি টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে সেই টাকা পরিশোধের জন্য তিনি পূবালী ব্যাংকের কয়েকটি চেক প্রদান করেন। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো ব্যাংক থেকে প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেছেন। একইসাথে আদালত সংশ্লিষ্ট রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওয়ারেন্ট তামিল করে আসামিকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার বাংলাদেশের একটি সুপরিচিত ব্যবসায়িক গোষ্ঠী, যারা মূলত দৈনিক জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে বিশেষভাবে পরিচিত। প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা ব্যবসা ও সংবাদ পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শামীমা এ খানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে গ্লোব জনকণ্ঠ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
আরও জানতে চোখ রাখুন…


















