মো.রিয়াজুল সোহাগ,নোয়াখালী |আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে, মাঠ নিয়ন্ত্রণে ততোই কঠোর হচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এক বিশাল যৌথ টহল ও কেন্দ্র পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যৌথ বাহিনীর ব্যাপক মহড়া সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলিতে এদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য, থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি সমন্বিত দল এই টহলে অংশ নেয়। টহল শেষে ওই ইউনিয়নের ৬টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।
আচরণবিধি লঙ্ঘনে হার্ডলাইনে প্রশাসন নির্বাচনী মাঠে শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় দিচ্ছে না উপজেলা প্রশাসন। এদিন টহল চলাকালে দেখা যায়, বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ নিজ প্রতীকে জমকালো আলোকসজ্জা করেছেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাৎক্ষণিকভাবে এসব আলোকসজ্জা অপসারণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রার্থীদের সতর্ক করে বলা হয়, উৎসবের নামে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অব্যাহত থাকবে এই তৎপরতা কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। ভোটারদের মনে সাহস জোগাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের যৌথ টহল ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















