মো.রিয়াজুল সোহাগ , নিউজ ডেস্ক|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে এখন সারাদেশে সাজ সাজ রব। ভোটের মাঠ নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে বড় ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শন শেষে তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।
পেশাদারিত্বে আপস নয়
জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, “শৃংখলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।” ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
সমন্বিত নিরাপত্তা ও মাঠের পরিস্থিতি
সভায় ঢাকা মহানগর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, র্যাব ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং রাজধানীর সামগ্রিক নিরাপত্তা ছক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখেন এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির প্রশংসা করেন।
নির্বাচনী নিরাপত্তায় সেনাশক্তি
সেনাসদর সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সারাদেশে ইতোমধ্যে প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৬২ জেলা ও ৪১১টি উপজেলায় ৫৪৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নজরদারি চালানো হচ্ছে। গত ১০ জানুয়ারি থেকে ধাপে ধাপে সেনা সংখ্যা বাড়িয়ে এই বিশাল বাহিনী মোতায়েন করা হয়।
পুরো দেশ চষে বেড়াচ্ছেন সেনাপ্রধান
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সারাদেশ চষে বেড়াচ্ছেন। চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর থেকে শুরু করে বরিশাল, সিলেট ও সাভার—সবখানেই তিনি সামরিক ও বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় সভা করেছেন। উদ্দেশ্য একটাই—একটি ভয়ভীতিহীন ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঢাকার বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আরও জানতে চোখ রাখুন…


















