
বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে পরিচালিত পৃথক দুটি টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ১৯ জুলাই। এদিন সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক এবং মোসাদ্দেক হোসেনের যৌথ নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্য স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সেবনের মাধ্যমে জনশান্তি বিনষ্ট করার অপরাধে দুই আসামীকে আটক করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তাদের প্রত্যককে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—লক্ষীনারায়নপুর এলাকার মৃত কাজী ওয়াজী উল্ল্যাহর ছেলে আব্দুল কাদের (৫১) এবং একই এলাকার আলী হোসেনের ছেলে মোঃ নুর ইসলাম (২৩)।
এদিকে পরদিন ২০ জুলাই সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনাল এলাকায় অপর একটি পৃথক টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবির উৎসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে লতিফ (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তাকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত লতিফ সোনাপুর বাস টার্মিনাল এলাকার আব্দুল হামিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে টাস্কফোর্সের এই কঠোর ও পৃথক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















