
কুমিল্লা প্রতিনিধি ।।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, ততবারই কুমিল্লার উন্নয়নে রেকর্ড কাজ করেছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এই সরকারের আমলেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।’ একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কুমিল্লা থেকে সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে রেল উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিডিএ আইন ও পরিকল্পিত নগরী
গণপূর্ত মন্ত্রী বলেন, কুমিল্লাকে একটি পরিকল্পিত ও তিলোত্তমা নগরীতে রূপ দিতে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আইন আমার হাত দিয়েই সংসদে পাস হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে আমরা বদ্ধপরিকর।’ অনুষ্ঠানে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকেও কুমিল্লার মানুষের জন্য যা যা করা সম্ভব, তার সবটুকুই আমি করে যাব।
মেডিকেলে ১০০০ শয্যা ও কুবিতে কৃষি কোর্স
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় ধরনের সুসংবাদ দিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যা রয়েছে। রোগীদের ভোগান্তি কমাতে ও চিকিৎসাসেবা আরও আধুনিক করতে হাসপাতালটিকে সম্প্রসারণ করে অতিরিক্ত ৫০০ থেকে এক হাজার শয্যার সুবিধা নিশ্চিত করার কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধীনে একটি নতুন কৃষি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা এই অঞ্চলের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করবে।
উন্নয়নে চাই সম্মিলিত প্রয়াস
দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের এই বিশাল উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের অংশগ্রহণেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমীরুজ্জামান আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান উদবাতুল বারী আবু। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…
















