নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও জরাজীর্ণ ঘর পুননির্মাণে অর্থ সহায়তা দিল সেনাবাহিনী
মো.শহীদুল ইসলাম, প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাপক মানবিক সহায়তামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ এবং এক অসহায় পরিবারকে বসতঘর পুননির্মাণের জন্য ঢেউটিনসহ আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে নানিয়ারচর জোনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিকট আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি।” তিনি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ জাহানারা বেগম নামের এক অসহায় নারীর জরাজীর্ণ বসতঘর পুননির্মাণের দায়িত্ব নেয় সেনাবাহিনী। তার ঘরটি বসবাসের অনুপযোগী থাকায় জোন কমান্ডারের পক্ষ থেকে ঘর পুননির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। একই সাথে ঘরটি স্থায়ীভাবে নির্মাণের জন্য কাঠ, পেরেক, তারকাটাসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের জন্য নগদ আর্থিক অনুদানও ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন জোন কমান্ডার। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী জাহানারা বেগম।
অনুষ্ঠানে সেনা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে কঠোর নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও নানাবিধ মানবিক সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানিয়ারচর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















