নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া এলাকায় এক সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই ঘটনার শিকার ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মালিপাড়া গ্রামের প্রভাবশালী ওই বাবা ও তার ছেলে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল। বিষয়টি লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে না জানালেও, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগী কিশোরী জানিয়েছে, বাবা ও ছেলে দুইজনই তাকে আলাদা আলাদা সময়ে ধর্ষণ করেছে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা বর্তমানে গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি মৌখিকভাবে জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
আরও জানতে চোখ রাখুন…
















