
মো.শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক|
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা করার বিধান এবং এ সংক্রান্ত সাংবিধানিক ব্যাখ্যা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ‘ব্রিটিশ বাংলাদেশি ফোরাম’। লন্ডনভিত্তিক এই সামাজিক সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন জানায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সংগঠনের আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী মনোয়ার হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানে ৬৬(২)(গ) অনুচ্ছেদটি মূলত তাদের জন্য যুক্ত করা হয়েছিল যারা মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের প্রতি আনুগত্য দেখিয়েছিল। বর্তমানের বৈধ দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হওয়া সমীচীন নয়।
১৯৭৮ সালের ‘বাংলাদেশ নাগরিকত্ব আদেশ’ অনুযায়ী বিদেশি নাগরিকত্ব নিলেই বাংলাদেশি নাগরিকত্ব বাতিল হয় না। যুক্তরাজ্যসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের বৈধ দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছে সরকার।
২০১০ সালের পঞ্চদশ সংশোধনীর ৬৬(২ক) ধারা অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত কেউ স্বেচ্ছায় বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ না করছেন, ততক্ষণ তার নাগরিকত্ব বহাল থাকে।
যৌক্তিক দাবি: সংগঠনটি দাবি করে, সংবিধানে বিচার বিভাগীয় পদে দ্বৈত নাগরিকদের জন্য কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। যদি আইন প্রণয়নের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সাংঘর্ষিক হতো, তবে বিচার বিভাগেও এর প্রতিফলন থাকত।
সংগঠনটির আহ্বান;
ব্রিটিশ বাংলাদেশি ফোরামের মতে, ব্রিটিশ-বাংলাদেশিরা কখনোই বাংলাদেশের প্রতি আনুগত্য ত্যাগ করেননি। তাই তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দেওয়া গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক অভিপ্রায়ের পরিপন্থী। সংগঠনটি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে একটি সুস্পষ্ট এবং ইতিবাচক ব্যাখ্যা প্রত্যাশা করছে।
আরও পড়ুন….

















