
নিউজ ডেস্ক: আগামী ৫ আগস্ট সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পাঠিয়েছে। প্রবল গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।
দিনটিকে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ ও সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই দিন দেশের প্রধান দুই শেয়ারবাজারেও বন্ধ থাকবে লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। অতএব, সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়। কাজেই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না।


















