
সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী: নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার অম্বরনগর উচ্চবিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
ছাইফ উল্লাহ মাসুদের সঞ্চালনা ও অম্বরনগরের সাবেক চেয়ারম্যান শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ১৯৭১ সালে অস্ত্র হাতে শহীদ জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। সেই ইতিহাস গত ১৬ বছরে বিকৃত করা হয়েছে, যুবসমাজকে জানতে দেওয়া হয়নি। বাংলাদেশকে মুসলিম শূন্য করতে চেয়েছে হাসিনা সরকার। আলেমদেরকে দেশ ছাড়া করেছে, জেলে ঢুকিয়েছে। হাসিনা উন্নয়নের জিকির করে এটা উন্নয়ন নয়। রাস্তাঘাট অটোমেটিক হবে। কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে উন্নয়ন। যুবসমাজকে কর্মসংস্থান তৈরী করে দেওয়াই হচ্ছে মূল উন্নয়ন। যারা সামনে ঘরে ঘরে কর্মসংস্থান করে দিবে তাদেরকে আপনারা বেছে নিবেন। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের জন্য কাজ করতে চাই। তারেক রহমান নতুন বাংলাদেশের জন্য ৩১ দফা দিয়েছেন। আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও পটভূমি তুলে ধরেন। পরবর্তীতে তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপির ২ হাজার নেতাকর্মীকে গুম করেছে। হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। তারা বাংলাদেশের ব্যাংক সেক্টরকে দেউলিয়া করেছে।৫ই আগষ্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনা পলাতক অবস্থায় থেকেও নানা ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আন্দোলন এখনো শেষ হয়নি হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তুহিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর কম্বল বিতরনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আত্মস্বীকৃত চোরের দল। শেখ হাসিনা জাতীয় বেইমান। এসময় তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামী দিনে যাতে ধানের শীষ বিপুল ভোটে বিজয় লাভ করে সেই উদ্দেশ্যে সকলকে সুসংগঠিত থাকার অনুরোধ করেন।
৫ নং অম্বরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম আলম ফরহাদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য ইন্জিনিয়ার সলিম উল্লাহ সেলিম, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবুল প্রমুখ।
















