
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদাড়া গ্রামে শুক্রবার বিকালে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শীত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর উদ্দিন রাসেল। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন হাদিউল ইসলাম শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবিকা ও আইনজীবী, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখা’র উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা শাখা’র সহযোগিতায় জীবদাড়া গ্রামের এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত ১৫০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম আগামীতেও সুনামগঞ্জ জেলা’র বিভিন্ন উপজেলায় চলমান থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জয়শ্রী দেব বাবলী বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় বিশেষ করে হাওর অঞ্চলের গ্রামাঞ্চলের অসহায় গরীব মানুষ শীতকালে বেশি কষ্ট পায়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শীতার্ত গরীব অসহায়দের কম্বল বিতরণে এগিয়ে আসায় আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এটা কোন অনুদান না, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে তারা সম্মানিত হবেন।
















