
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি|
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামে সরকারি খাল দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কাজ করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এর ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে চিয়ড়া, গো-পদুয়া, সিজিয়ারা ও পোষাই গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ বর্ষাকালে পানিবন্দি হওয়ার ঝুঁকিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সিজিয়ারা গ্রামের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া তার দখলীয় জমির গর্ত ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা প্রদান করে। অভিযোগ রয়েছে, এর আগে প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম মাত্র ২-১টি পরিবারের সুবিধার্থে রাতের আঁধারে মোস্তাফিজুর রহমানের ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে সরকারি খাল ভরাট করে একটি রাস্তা নির্মাণ করেন। অথচ খালের ওপর নির্মিত এই রাস্তাটির সামনে আর কোনো সংযোগ সড়ক নেই।
ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, ব্রিটিশ আমল থেকে বয়ে চলা এই নালা বা খালটি ভরাট করায় পানি চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে:
* বর্ষাকালে ৪টি গ্রামের ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।
* বিপুল পরিমাণ কৃষি জমি অনাবাদি থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
* মাছ চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা।
জমির মালিক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, “চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে আমার জমি কেটে খাল ভরাট করে রাস্তা করেছেন। এখন আমি আমার নিজের জমি আবাদযোগ্য করতে মাটি কাটতে গেলেও প্রতিপক্ষের লিটন, সোহেল, গণি ও আনু মিয়ারা বাধা দিচ্ছে। তারা জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করছে।”
চিয়ড়া গ্রামের মোশারফ হোসেন ও সিজিয়ারা গ্রামের জসিম উদ্দিন জানান, তারা ছোটবেলা থেকেই এখানে খাল দেখে আসছেন। কোনো রাস্তা ছিল না। এই অপরিকল্পিত রাস্তার কারণে এখন কয়েক গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে ঢালুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম ব্রিটিশ আমল থেকে সেখানে নালা থাকার কথা স্বীকার করলেও বলেন, “নালা ভরাট করে রাস্তা করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি খালটি উদ্ধার করা হোক এবং কয়েক হাজার মানুষের জানমাল রক্ষায় পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হোক।
আর-ও পড়ুন, সংবাদটি শেয়ার করুন…………….
















