শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি (২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায়) লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আয়াছ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব শেরওয়ান শাহ কামালীর সঞ্চালনায় সভায় প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, বন্যা প্রতিরোধের স্থায়ী সমাধান, এলাকার নিরাপত্তা এবং পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ও কবরস্থান নির্মাণের জন্য জোর প্রচারণা ও তদবির (লবিং) শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সফলভাবে এসব কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিগগিরই একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানে মুহাম্মদ আয়াছ মিয়াকে আহ্বায়ক, শাহ শেরওয়ান কামালীকে সদস্য সচিব এবং বাবুল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক (কোষাধ্যক্ষ পদমর্যাদার) করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদান করবে।
সভায় সিলেটের বন্যা সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে একটি স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানকে জরিপ ও প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের গবেষণা কার্যক্রম শুরু করেছে, সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য সিলেট সফর করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনাও সম্পন্ন করেছে।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত শাহজালাল হাউজিং এস্টেটসের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ, মুহাম্মদ আব্দুল খালিক, আবুবক্কর সিদ্দিকী, মুহাম্মদ সাদেকুল আমিন, আঙ্গুর আলী, শাহজাহান করিম, খসরু জামান, ফারুক মিয়া, মুহাম্মদ ফয়জুন নূর, মুর্শেদ নূর, মিসবা উদ্দিন, শেরওয়ান চৌধুরী ও নাসির উদ্দিনসহ প্রবাসী সাধারণ সদস্যরা।
আরও জানতে চোখ রাখুন…

















