
আব্দুল খালেক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী মহিলা ডিগ্রি কলেজের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেছেন কলেজ শিক্ষক। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার। রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন তারা। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তা বন্ধ করে দেয়ায় বিপত্তি সৃষ্টি হয়েছে। কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় স্থানীয়রা বাধা প্রদান করলে ৩ থেকে ৪ ফুট রাস্তা ছেড়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়। পরে ওই কলেজের শিক্ষক হাবিল উদ্দিন আবারো রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরাপুরি বন্ধ হয়ে যায়।
বক্তারা আরো বলেন, রাস্তা বন্ধ থাকায় এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে কষ্ট হচ্ছে। প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যহত হচ্ছে। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া যাচ্ছে না ফলে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুল হাসান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরোজা বেগম প্রমুখ।
এ বিষয় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম জানান, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন তিনি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















