
মো.রিয়াজুল সোহাগ /নোয়াখালী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছা বার্তায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বরকত উল্লাহ বুলু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) জীবনের উপর আলোকপাত করেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ-সোনাইমুড়ী আংশিক) এর সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, “বিজয় দিবসের এই শুভক্ষণে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি সেই মহানায়ককে, যিনি ১৯৭১ সালের ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সাহস যুগিয়েছিলেন।”
তিনি মেজর জিয়াউর রহমানের জীবনী আলোচনা করে বলেন, “তাঁর (জিয়াউর রহমানের) আদর্শ, সততা এবং দেশপ্রেম আমাদের সব সময় অনুপ্রাণিত করে। একজন সেক্টর কমান্ডার হিসেবে তিনি কেবল রণাঙ্গনে নেতৃত্বই দেননি, বরং স্বাধীনতা পরবর্তী সময়েও তিনি বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির ভিত্তি স্থাপন করে গেছেন।”
বুলু তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং আত্মত্যাগকারী সাধারণ মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “জাতি তাঁদের অসামান্য অবদানের কথা কোনোদিন ভুলবে না। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে হলে আমাদের শহীদ জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতৃত্বের আদর্শকে অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি দেশের সকল মানুষকে বিজয় দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার এবং একইসাথে স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি গভীর সম্মান জানানোর আহ্বান জানান।
















