
মো.রফিকুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া পরিচয়ে প্রতারণা ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চর ভূরুঙ্গামারী হুচারবেলা গ্রামের আব্দুল ছালামের ছেলে আনোয়ার দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অভিযোগ রয়েছে, আনোয়ার নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রচার করেছেন। এর ফলে সম্প্রতি চর ভূরুঙ্গামারী বাজার এলাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ঝাড়ুমিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে। ওই সময় তাকে খুঁজে না পেয়ে কয়েক সপ্তাহ আত্মগোপনে থাকতে দেখা যায়।
স্থানীয়রা আরও জানান, আনোয়ার ব্যক্তিগত স্বার্থে নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে অন্যের ক্ষতি সাধন করে নিজের নামে জমি ভোগদখলের অভিযোগও রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বড় কর্মকর্তা সেজে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাগত যোগ্যতায় কেবল এসএসসি পাশ হলেও তিনি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগকারীরা জানান।
স্থানীয় সূত্র বলছে, আনোয়ার ও তার পিতা আব্দুল ছালামের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ আছে। তারা দু’জনই একাধিক মাদক মামলার আসামি এবং বর্তমানে জামিনে রয়েছেন।
এছাড়া সোনাহাট স্থলবন্দরে দালালচক্রের সহযোগী হিসেবে চাঁদাবাজির পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, তিনি শুধু চাঁদাবাজিই করেন না, বরং এসব অর্থের বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকেন।
স্থানীয়রা মনে করছেন, আনোয়ারসহ এ ধরনের দালাল ও প্রতারকচক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে সমাজে স্বস্তি ফিরে আসবে।


















