
মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা জমির রোপা ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আব্দুল মান্নান বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান গং ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান। উভয় পক্ষ আত্মীয় সম্পর্কিত।
এর আগে গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাসকলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করার অভিযোগ ওঠে। এ ঘটনার পর মান্নান থানায় মামলা করতে গেলে এক উপপরিদর্শক (এসআই) তাকে স্থানীয় এক সাবেক বিএনপি নেতার সঙ্গে দেখা করিয়ে দেন। ওই নেতা ১৫ অক্টোবরের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিলে মান্নান সেদিন মামলা করেননি।
কিন্তু পরদিন ৮ অক্টোবর সকালে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ট্রাক্টর চালিয়ে ৮ বিঘা রোপা ধান নষ্ট করে দেয় বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরদিন রাতে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু হয়। তবে এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি, এতে বাদীপক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“সালিশের ব্যাপারে আমি অবগত ছিলাম না। এর আগে উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করেছিলেন। পুলিশ ১৫৪ ধারায় নোটিশ দিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছিল।”
তিনি আরও বলেন,
“মান্নান পক্ষের অভিযোগ ছাড়াও ইব্রাহীম পক্ষও ভূমি অপরাধ প্রতিকার আইনে মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


















