
মো.সোহরাওয়ার্দী হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী|
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি খড়ের গাদার (খড়েরপালা) ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানী গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে চাঁদ মেটুয়ানী গ্রামের জনৈক মোঃ রাজু সরকারের বসতবাড়ির সামনের খড়েরপালায় একটি আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে।
এই সংবাদের ভিত্তিতে বেলকুচি সার্কেলের তত্ত্বাবধানে থানার এসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মুকুল হোসেন, এএসআই মোঃ হালিম ও এএসআই নয়ন কৃষ্ণ হোড়সহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অস্ত্রটি কোথা থেকে এলো এবং এর সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও জানতে চোখ রাখুন…


















