
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় পাতা খেলা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মেরিন চিফ ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলামের আয়োজনে এবং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম মাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন এবং দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রিসু ইসলাম।
খেলায় সাতটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় আলামিন কবিরাজ দল বিজয়ী হয় এবং রানার্সআপ হয় ঘোড়াবান্দা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে খাসি ছাগল তুলে দেওয়া হয়।
খেলাকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি গ্রামীণ এই ঐতিহ্যকে নতুনভাবে প্রাণবন্ত করে তোলে।


















