
নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
মো.শহিদুল ইসলাম: পার্বত্য জনপদে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল)-এর উদ্যোগে আজ এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যাপক এলাকা জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেনা জোনের এই ব্যতিক্রমী ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাহাড়ের সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (১৮ জুন) নানিয়ারচর সেনা জোনের এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়কসহ সকল স্তরের অফিসার, জেসিও এবং সেনাসদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে হাত লাগান।
এক কাতারে সেনা-জনতা ও প্রশাসন: সেনাবাহিনীর এই ডাকে সাড়া দিয়ে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা। উপজেলা বন বিভাগ ও কৃষি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, আনসার ভিডিপির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ৩৫০ জন মানুষ এই অভিযানে সরাসরি অংশ নেন।
প্লাস্টিক বর্জ্য হঠাও, পরিবেশ বাঁচাও: কর্মসূচি চলাকালে নানিয়ারচর জোন সদর থেকে শুরু করে নানিয়ারচর বাজার পর্যন্ত দীর্ঘ সড়কের উভয় পাশ এবং জনসমাগমপূর্ণ স্থানসমূহ থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব ধরণের প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য অপসারণ করা হয়। শুধু পরিষ্কার করাই নয়, প্লাস্টিক বর্জ্য যেন যেখানে-সেখানে না ফেলা হয়, সেজন্য উপযুক্ত স্থান নির্বাচন ও টেকসই ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে অর্গানিক কম্পোস্ট সার তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক লিফলেট ও দিকনির্দেশনা দেওয়া হয়।
জোন কমান্ডারের আহ্বান: প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি বলেন, “পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে আমরা একটি ডেঙ্গুমুক্ত ও বাসযোগ্য সবুজ সমাজ গড়ে তুলতে পারি।” তিনি পরিবেশবান্ধব সমাজ গঠনে পাহাড়ে বসবাসরত সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই ঝটিকা পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রমের ফলে নানিয়ারচর বাজার ও সংলগ্ন এলাকায় এক ঝকঝকে পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জোন সূত্রে আশ্বস্ত করা হয়েছে।
















