
🌐 মো. নুরুল আলম,স্টাফ রিপোর্টার
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ওনিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট টানা চতুর্থ দিনের মতো বান্দরবানের সাঙ্গু উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। আজ শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত জোটের নেতৃবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের হাতে লিফলেট তুলে দেন।
জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমাসহ বিভিন্ন স্তরের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।
বিতরণ করা লিফলেটে পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে—
-
সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা
-
ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান
-
চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ
-
বৈষম্যহীন সহাবস্থান নিশ্চিত করা
-
সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি
নেতারা শিক্ষার্থীদের সামনে শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
“তরুণদের এগিয়ে আসতেই হবে”—আহ্বায়ক ইঞ্জি. থোয়াই চিং মং শাক বলেন—
“পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বিভেদ নয়—সম্প্রীতির রাজনীতি প্রয়োজন। তরুণ সমাজকে উসকানি, সহিংসতা ও ভীতির রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন, শিক্ষা ও নিরাপত্তার পথে অগ্রসর হতে হবে।”
তিনি আরও জানান—
আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন জেলায় পর্যায়ক্রমে লিফলেট ক্যাম্পেইন চলবে।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা জোটের নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই বলেন—পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে এ ধরনের জনসচেতনতা কার্যক্রম অত্যন্ত প্রয়োজন।
















