
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন যাবত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জনসাধারণের জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা সুবিদখালী টু পায়রাগঞ্জ সড়ক দিয়ে পায়রাকুঞ্জ ফেরিতে অতিরিক্ত মালবাহী ট্রাক ও কার্গোভ্যান চলাচল করছে। একই পথে মানদাত্তা আমলের দূর্বল ও ঝুঁকিপূর্ণ চারটি বেইলি ব্রিজও রয়েছে। সেগুলো যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে এসব ট্রাক চলাচলের কারণে। ওই সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলকারী পথচারীসহ স্থানীয় যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুবিদখালী টু পায়রাগঞ্জ সড়ক দিয়ে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের বৈধতা না থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করে আসছে এসব যানবাহন। এসব পণ্যবাহী ট্রাক ওভার লোডেড হওয়ায় পটুয়াখালী লেবুখালী সেতু (পায়রা সেতু) পার হতে না পারায় তাই বিকল্প পথে সুবিদখালী-পায়রাগঞ্জ সড়ক ব্যবহার করে পায়রাকুঞ্জ ফেরি পার হয়ে পায়রা বন্দরসহ জেলার বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করে আসতে হয়।
দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান (৪০) পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার শাহজাহান (৬০) এর কাছে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মালবাহী ট্রাক পারাপারের বিষয়ে বক্তব্য চাইলে সাংবাদিককে গালিগালাজসহ উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। যা কাজী টিভি নামের একটি ফেইসবুক পেইজে পোস্ট করা হয়েছে। এছাড়া, ২৭ জানুয়ারী সোমবার ওই ইজারাদারের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৬) করেন ভুক্তভোগী সাংবাদিক জিয়াউর রহমান।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক পৌনে দশ টার দিকে সাংবাদিক জিয়াউর রহমান তার মুঠোফোন থেকে ফেরীর ইজারাদার শাহজাহানের মুঠোফোনে কল করে নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে ওভার লোড ট্রাক ফেরীতে পারাপার করতে পারে কিনা জানতে চায়। এতে ইজারাদার ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সে প্রতিবাদ করলে তাকে (সাংবাদিক) এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, জিডি অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

















