
বি.চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের স্টোনো নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে মামলা পরিচালনায় বিভিন্ন অজুহাতে টাকা দাবি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মো. আইয়ুব মিয়া নামে এক মামলার বাদী।এ বিষয়ে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আইয়ুব মিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি ভুলবশত অন্যের নামে রেকর্ড হওয়ায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এলএসটি মামলা নং-৫৬১/২০২২ দায়ের করেন তিনি।
অভিযোগে বলা হয়, মামলার প্রতিটি ধার্য তারিখে স্টোনো নজরুল ইসলাম মামুন তার কাছে ৫০০ থেকে ১ হাজার টাকা দাবি করতেন। টাকা না দিলে মামলার পরবর্তী তারিখ দীর্ঘ সময় পর দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া একতরফা মামলায় ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও করা হয়েছে। আইয়ুব মিয়া অভিযোগ করেন, গত ১২ জুলাই মামলাটির বিবাদীপক্ষের সাক্ষীর জন্য ধার্য তারিখ ছিল। বিবাদীপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তার আইনজীবী শুনানি করলে আদালত যুক্তিতর্কের জন্য ২ আগস্ট তারিখ নির্ধারণ করেন। এ সময় স্টোনো তার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে মামলার সাইড নোটে ২ আগস্ট একতরফা যুক্তিতর্কের তারিখ দেন। পরে বিবাদীপক্ষের কাছ থেকে টাকা নিয়ে ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, স্টোনোর এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় সঠিক তদন্ত করে স্টোনো নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাকে নোয়াখালী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অ্যাডভোকেট অঞ্জন কুমার বলেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এলএসটি মামলা নং-৫৬১/২০২২ আমার কাছে এটার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, টাকা লেনদেনের কথা জিজ্ঞেস করলে উকিল বলেন, এই ব্যাপারে আমার কাছে কোন তথ্য নাই।
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের স্টোনো নজরুল ইসলাম মামুন বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সকল অভিযোগ করা হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…
















