
মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালী। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ সাদাম হোসেন (৩৯), তিনি নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে সাদাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও প্রাইভেট কার (রেজি নং–ঢাকা মেট্রো-গ-৩৮-৯০৫৩) থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার সাদাম হোসেন দীর্ঘদিন ধরে নোয়াখালীসহ আশপাশের জেলায় মাদক পাচার ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে মাদক সরবরাহের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদক ও প্রাইভেট কারসহ গ্রেপ্তার সাদাম হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিহির কুমার রায় বলেন, “মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী বা চক্রই আইনের ঊর্ধ্বে নয়।”
















