
সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকালে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম। এসময় তিনি বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে। বিএনপি রাজনীতি করার কারনে গত ১৬ বছরে তিনি ৭টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। তার বসতঘর ভাংচুর করে নানা ভাবে হেনস্তা করা হয়েছে।
অপপ্রচারের একটি বিষয় তুলে ধরে মাকসুদ আলম বলেন, তিনি নিজ এলাকার একটি স্কুলের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সাবেক এমপি সেই স্কুল পরিদর্শনে আসায় নিয়ম অনুযায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়েছিলেন। বিভিন্ন আইডি থেকে সেই ছবি দিয়ে তাকে আওয়ামী লীগের সদস্য হিসেবে অপপ্রচার করা হচ্ছে। এসব ভুয়া তথ্য প্রচারের কারনে তিনি সামাজিক ও পারিবারিক ভাবে মানহানি এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, এসকল আইডির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে অভিযোগ করা হয়েছে। ন্যায় বিচারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তিনি সার্বিক সহায়তা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেল্লাল ভুইয়া, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাবেক সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















