মো.রিয়াজুল সোহাগ , নোয়াখালী |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কাজীনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কাজীনগর এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে করে আশপাশের কৃষি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসিল্যান্ড সাদাত হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং হাতেনাতে অপরাধ শনাক্ত করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, “কৃষি জমি আমাদের জাতীয় সম্পদ। সরকারের কঠোর নির্দেশনা রয়েছে কোনোভাবেই ফসলি জমি নষ্ট করা যাবে না। আজ কাজীনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভেকু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “উপজেলার যেকোনো স্থানে ফসলি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই কঠোর অবস্থানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
আরও জানতে চোখ রাখুন…
















